
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মজুত রাখা ১৩৩ বস্তা টিএসপি সার নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে বিসিআইসি অনুমোদিত ডিলার মো. আমিনুল ইসলামের পক্ষে মো. আলমগীর হোসেন সরকার সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন এবং সারগুলো ক্রয়ের অনুমতি পান।
নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন নিলাম কমিটির আহ্বায়ক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদস্য ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিলার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৮ জুলাই উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পিনুর মোড় এলাকার এক খুচরা সার বিক্রেতার ঘর থেকে অবৈধভাবে মজুত রাখা সরকারি টিএসপি সার উদ্ধার করে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় সংরক্ষণ করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তা নিলামের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি উপকরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।