
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে আধুনিক সেনিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। শাক্তা ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থাপিত এই মেশিনের উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার দুপুরে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অভিভাবক সদস্য মোস্তফা মহসিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, ‘কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় এটি যুগান্তকারী উদ্যোগ। এই মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে ও স্বল্পমূল্যে ন্যাপকিন পাবে, যা তাদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও আত্মবিশ্বাস জোগাবে।’
প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে মেশিনটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মেশিন ব্যবহারের নিয়ম, ন্যাপকিনের সঠিক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, এ ধরনের কার্যক্রম মেয়েদের পড়াশোনায় বাধা কমাবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াবে। শিক্ষার্থীরাও উদ্যোগটি নিয়ে আনন্দ প্রকাশ করেছে। তাদের বিশ্বাস, এ ধরনের ব্যবস্থা বিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে পড়লে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সামাজিক কুসংস্কার কমাতে সহায়ক হবে