
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে একদিনে এক নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজোওয়ানুর রহমানও রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে সোনাতলা এলাকা থেকে মুন্সী রেজোওয়ানুর রহমানকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া একই দিনে চুরি, হ্যাকিং, প্রতারণা ও জালিয়াতি মামলায় আরও আটজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।