
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী গ্রামে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন (৪৮)-এর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী। বর্তমানে গুরুতর আহত অবস্থায় স্ত্রী মোছাঃ আফরুজা বেগম গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মিলনের সঙ্গে একই গ্রামের একদল প্রভাবশালী সন্ত্রাসীর শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক মিলনের বাড়ির উঠানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে।
এসময় তার স্ত্রী প্রতিবাদ করলে আসামিরা হামলা চালায়। আসামি জিয়াউর রহমান ধারালো ছোরা দিয়ে আফরুজা বেগমের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। এরপর জুয়েল রানা তার বুকের ওপর বসে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। অপর আসামি সাজেদুর রহমান গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং খোকন মিয়া শ্লীলতাহানির চেষ্টা করে। এছাড়া আসামিরা ঘরে ঢুকে শোকেস ভেঙে এক লাখ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
শোরগোল শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত আফরুজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনার বিষয়ে সাংবাদিক মিলন গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে নামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।