
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে বসতভিটা দখল ঠেকাতে ইতালি থেকে দেশে ফিরেছেন লিটন হাওলাদার (৪৫) নামের এক প্রবাসী। তিনি উপজেলার শাক্তা ইউনিয়নের কূলচর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার দুপুরে জিনজিরা এলাকায় সংবাদ সম্মেলনে লিটন দাবি করেন, মধ্যেরচর মৌজায় তাঁর কেনা জমিতে সেমিপাকা বাড়ি নির্মাণ করেছিলেন। কিন্তু স্থানীয় আলমগীর হোসেন ও তাঁর সহযোগীরা বাড়িটি দখল করে নিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে মামলা (১৪৫ ধারা, পিটিশন নং–২১৯/২০২৫) চলমান আছে।
প্রবাসীর অভিযোগ, গত ৩১ আগস্ট আলমগীরসহ ৩০–৩৫ জন অস্ত্রধারী লোক তাঁর ভাড়াটিয়াদের বের করে দেন এবং বাড়ি ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে তাঁর ছোট ভাই বাধা দিলে মারধর করা হয়। পরে তিনি ইতালি থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন, কিন্তু এখনও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাড়াটিয়া বলেন, প্রায় তিন বছর তাঁরা ওই বাড়িতে বসবাস করেছেন। গত ৩১ আগস্ট তাঁদের মালপত্র ফেলে দিয়ে বের করে দেওয়া হয়।
তবে আলমগীর হোসেনের দাবি, জমিটি তাঁর নিজের মালিকানাধীন। তিনি বলেন, “আমি যে দাগে জমি কিনেছি, লিটনও একই দাগে জমি কিনেছে। তাঁর অভিযোগ মিথ্যা।”
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।