
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের দেবভোগ গ্রামে কচুরিপানার নিচ থেকে আমিনুর বিশ্বাস আলিফ (১৫) নামে এক ইজিভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মিনারুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে দেবভোগ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুর বিশ্বাস আলিফ ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আমিনুর পেশায় ইজিভ্যানচালক ছিলেন। গত শুক্রবার রাতে ইজিভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল।
নিহতের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় রোববার সকালে আমিনুরের মা রোজিনা বেগম নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
পরে পুলিশ তদন্তে নামে এবং চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।
জবানবন্দিতে মিনারুল জানায়, ইজিভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ‘স্পিড’ পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমিনুরকে অচেতন করে হত্যা করে। এরপর মরদেহটি দেবভোগ গ্রামের একটি পুকুরে ফেলে দেয়।
পুলিশ মিনারুলের দেখানো স্থানে গিয়ে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের ব্যবহৃত ইজিভ্যানটি এখনো উদ্ধার করা যায়নি।”