
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে এবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। এতে বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী এ বি ডিলাক্স পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত মাটির টিবির ওপর উঠে পড়ে। এরপরই বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।