
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অপরাধে গণপিটুনিতে ৩ চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার একদিন পর ওই চোরদের পরিচয় পাওয়া গেছে।
সোমবার (৩রা নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
নিহত হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮) এবং দুপচাচিয়া গ্রামের সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)।
এদিকে রবিবার (২রা নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১লা নভেম্বর) দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকায় হেলালীপাড়ার আব্দুস সালামের বসতবাড়ির পাশে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙে থেকে তিনটি গরু চুরি করে নিয়ে পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তখন সবাই মিলে লাঠিসোঁডা হাতে পিকআপের পেছনে তাদের ধাওয়া করলে তারা নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাঁধার মুখে পিকআপ থেকে ৩ জন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়। এসময় শত শত উত্তেজিত জনতা ইট পাটকেল ছুঁড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই চোর নিহত হন এবং অপর চোরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।