
দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থী ঘোষণার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করেন এবং আনন্দ মিছিল বের করেন।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গুলশান কার্যালয়ে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়।
এ খবর প্রচারের সাথে সাথেই জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং স্লোগানে স্লোগানে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা মুখরিত করে তোলেন।
খবর পেয়ে জেলা বিএনপির কার্যালয়ে ছুটে আসেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের করেন, যাতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশনেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে।” তিনি সকলকে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, “বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ম্যাডামের পক্ষে কাজ করব ও বিপুল ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী করে নিয়ে আসব।”
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন বলেন, “বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটাই দাবি ছিল যে, বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করবেন। আমাদের সেই আশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ বিএনপির সকল নেতাকর্মী ও জনগণ একসঙ্গে কাজ করবে।”
জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক বলেন, “খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণা করায় আমরা খুবই আনন্দিত। আসন্ন নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।”