
নেয়ামুল হক মিয়া,গৌরনদী (বরিশাল)।
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পিঙ্গলাকাঠি বাজারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা অফিসের প্রসিকিউশন অফিসার ও সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের গৌরনদী উপজেলা কর্মকর্তা শংকর কুমার দাস এবং মনিটরিং ইন্সপেক্টরগণ।
অভিযানকালে সার বিক্রয় কেন্দ্র, খাবার হোটেল, মুদি দোকান ও ভ্যারাইটির দোকান পরিদর্শন করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সবাইকে সচেতনভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।