
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার এলাসিন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল-৬ আসনে নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার সকালে এলাসিন বাজারে মানববন্ধনের আয়োজন করে তাঁর সমর্থকেরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় একই এলাকায় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকেরাও লিফলেট বিতরণ মিছিল বের করেন। এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাভলুর সমর্থকদের হামলার অভিযোগ ওঠে, যা থেকে সংঘর্ষে রূপ নেয়। প্রায় কয়েক মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।
তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। স্থানীয়ভাবে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।