
কোটচাঁদপুর প্রতিনিধি:
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কোটচাঁদপুর উপজেলা সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন বলেন, “আমাদের একটি মাত্র দাবি—২৬ বছর ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন চলমান থাকবে।”
দোড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় কুমার বলেন, “২৬ বছর ধরে একই দাবিতে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু বাস্তবসম্মত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে একযোগে এই কর্মবিরতি পালন করছি। দাবি না মানা হলে কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।”
অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একই পদে থেকেই সারাজীবন চাকরি করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগবিধি সংশোধন নিয়ে টালবাহানা করছে এবং কোনো কার্যকর উদ্যোগ এখনো গ্রহণ করেনি।
তারা দ্রুত চাকরির নিয়োগবিধি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। আন্দোলনকারীদের মতে, কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে পরবর্তী ধাপের কর্মসূচিও ঘোষণা করা হবে।