
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
আসন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে মধুপুরসহ টাঙ্গাইল জেলার ৫ উপজেলার শতাধিক চার্চে বড়দিন উৎসব পালিত হবে। যার অধিকাংশ মোট ৯৩ টি চার্চ মধুপুর উপজেলায়। এসব চার্চেরপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম।
সোমবার( ২৩ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মধুপুর ও আশপাশের চার্চ প্রধান, প্রতিনিধি ও খ্রিষ্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয়, সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সর্বক্ষণ সতর্ক থাকবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
মতবিনিময় সভায় মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ধনবাড়ি থানায় অফিসার ইনচার্জ নুরুস সালাম সাদিক, গারো নেতা ইউজিন নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, রেভা. মধুনাথ সাংমা, নারী নেত্রী সুলেখা ম্রং এবং নির্জন সিমসান প্রমূখ।