
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার:
আগামী মঙ্গলবার ২৭শে জানুয়ারি মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই উপলক্ষে ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির প্যাডে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তুতি সভার নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নোয়াপাড়াস্থ বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় ভাঙ্গা উপজেলা বিএনপি পৌর বিএনপি ইউনিয়ন বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ভাঙ্গা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম এম কুতুবউদ্দিন স্মরণ স্বাক্ষরিত নোটিশে বলা হয় আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাঙ্গায় আগমন ও জনসভা সফল করতেই এ সভার আয়োজন।
এ সময় জনসভার স্থান নির্ধারণ শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা ব্যবস্থা জনসমাগম নিশ্চিতকরণ এবং প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘ বছর পর দলের শীর্ষ নেতা তারেক রহমান ভাঙ্গায় আসছেন এই খবরে ভাঙ্গাসহ ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটে মিছিল মিটিং ও প্রচারণা শুরু হয়েছে। পোস্টার ব্যানার ও ফেস্টুনে সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাবেশের সম্ভাব্য স্থানগুলো।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন আমাদের জননেতা তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়েছে।
প্রস্তুতি সভায় প্রতিটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন মঙ্গলবারের জনসভা ভাঙ্গার ইতিহাসে স্মরণকালের বৃহত্তম গণসমাবেশে পরিণত হবে। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর।
জেলা বিএনপি সূত্র জানায় আগামী ২৭ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে বাসযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। এ পথে ফরিদপুর জেলার একমাত্র জনসভা অনুষ্ঠিত হবে ভাঙ্গায়। একই দিনে তিনি দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
ভাঙ্গার এই জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় নেতারা আশা করছেন এ জনসভা আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।