
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর থানার চাঞ্চল্যকর অটোচালক মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রবিউল (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প জানায়, নিহত মইজুদ্দিন পেশায় একজন অটোচালক ছিলেন। গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন কচুয়াডাঙ্গা বেবি স্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অভিযুক্ত রবিউলসহ অন্যান্যদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তারা মইজুদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ এপ্রিল ২০২৫ দুপুর আনুমানিক ১টা ৫৮ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি হত্যা মামলা হিসেবে (মামলা নং-২৩(০৪)২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু করা হয়।
মামলাটি রুজুর পর আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প এবং র্যাব-০৩ এর সিপিসি-১ শাহজাহানপুর, ঢাকা ক্যাম্পের যৌথ অভিযানে প্রধান আসামি মো. রবিউলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।