
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, কোটচাঁদপুরে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচারণার শেষ প্রান্তে এসে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর রাজনৈতিক মিলনমেলায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দুপুরের পর থেকেই ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোটচাঁদপুর শহর। জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে মানুষের ঢল।
মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের উচ্ছ্বাস ও স্লোগান দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কোটচাঁদপুরে এবার ধানের শীষের পক্ষে বড় ধরনের নীরব ভোট বিপ্লব ঘটতে পারে। তাদের মতে, ভয়-ভীতি উপেক্ষা করে যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, তাতে এই জনপদ ধীরে ধীরে ধানের শীষের শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে।
সভার প্রান্তে কথা বলা একাধিক সাধারণ ভোটার জানান, তারা পরিবর্তন চান। জনসভায় অংশ নেওয়া এক প্রবীণ ভোটার বলেন, “এমন জনস্রোত কোটচাঁদপুরে অনেকদিন দেখিনি। এই জনজোয়ারই বলে দিচ্ছে—বিজয় আমাদের সন্নিকটে।” ভোটারদের প্রত্যাশা, তারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কোটচাঁদপুরের এই জনসভা কেবল একটি দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি; বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের এক বিশাল সমাবেশে রূপ নিয়েছে। সর্বত্র এখন একটাই আলোচনা—আগামী নির্বাচনে ধানের শীষের জয়জয়কার হবে।
জনসভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আমিরুজ্জামান খান শিমুল, কণ্ঠশিল্পী মনির খান, জেলা বিএনপির বাবু জয়ন্ত কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, কুশনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়া, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস লিটনসহ আরও অনেকে।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।