
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. রাশিদুজ্জামান মিল্লাত এমপি-র সাথে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী জেলার পর্যটন খাতের উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জামালপুর জেলাকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। জামালপুরের ৫টি সংসদীয় আসনের জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার সুদৃঢ় বন্ধনই হবে উন্নয়নের মূল চালিকাশক্তি।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন— “আমরা ৫ জন ভাই ভাই, জামালপুরের উন্নতি চাই।”
আমাদের মাঝে কোনো বিভেদ নেই। জামালপুরের ৫টি আসনের ৫ জন প্রতিনিধি যেন একই পরিবারের সদস্য। আমরা এক হয়ে কাজ করলে জামালপুর হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও উন্নত জেলা।
সভায় জামালপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।