
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণ ইফতারের আয়োজন করেছে ইবি শাখা ছাত্রশিবির।
রোববার (০৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এর আয়োজন করে সংগঠনটি। এছাড়া মেয়েদের জন্য উম্মূল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে ইফতার বিতরণ করে সংগঠনটি। এতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মাঝে ইফতার ইফতার বিতরণ করেন তারা।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন। এছাড়া সংগঠনটির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসাইনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস কুরআন অবতীর্ণের মাস। কুরআনের কারণেই এই মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কুরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে, তাহলেই আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো। যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে ধারণ করতে পারি, তাহলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, আমাদের রিজিকের ফয়সালা দুনিয়াতে নয়; বরং রিজিকের ফয়সালা উপর থেকে হয়ে থাকে। তাই আমাদেরকে পড়াশোনার পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অশ্রু ফেলে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ এবং আসমা সাদিয়া রুনার ম্যাডামের রুহের মাগফিরাত কামনার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে এই হত্যার সাথে যারা জড়িত, তাদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই সমাজের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, ছাত্রশিবির এই সমাজের পরিবর্তন চায়, ছাত্রশিবির একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চায়, ছাত্রশিবির এই ভূখন্ডে ইসলামের বিজয় চায়। ছাত্রশিবির ইসলামের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে৷ এ-ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।