
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মুরগিবাহী ট্রাকের চালক, হেলপারসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে ও ট্রাকচালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে ট্রাকের হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। তারা সবাই মুরগিবাহী ট্রাকের যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মুরগিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নেওয়া হয়।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, “দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।