
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
এইচএসসি-২০২৬ পরীক্ষা, প্রশ্নপত্রের ধরন এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। পরে তারা স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দেন। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের বহন করা ব্যানারে “শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও” স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। তাদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সারা দেশে একযোগে পরীক্ষা গ্রহণ, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে পূর্বের নিয়মে পরীক্ষা নেওয়া, প্রতিটি পরীক্ষার আগে অন্তত দুই দিন বিরতি রাখা ও শনিবার পরীক্ষা না নেওয়া, ১৫ জুলাইয়ের পরীক্ষাসহ নির্ধারিত পরীক্ষা স্থগিত করা এবং পূর্বের পরীক্ষার পুনর্মূল্যায়ন।
শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এদিকে বিক্ষোভ কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও অবস্থান নিলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।