
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের অপচেষ্টা মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই কোনো একক গোষ্ঠীর নয়, এটি দেশের সব মানুষের। বিভক্তি সৃষ্টি করলে তার সুবিধা পাবে ফ্যাসিবাদী শক্তি। তিনি জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান ও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।