
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সংবাদমাধ্যমের নতুন যাত্রা গণমাধ্যমের জন্য ইতিবাচক। তিনি আশা প্রকাশ করে বলেন, সময় তরঙ্গ সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সংবাদ প্রকাশ করবে। সংবাদপত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে অপ-সাংবাদিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। সাংবাদিকরাই তাদের নেতৃত্ব নির্বাচন করবেন, সরকার শুধু সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।
টাঙ্গাইলের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং অনিয়মের মানসিকতা পরিহার করলেই একটি সমৃদ্ধ টাঙ্গাইল গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মাহমুদুল হক সানু, আজগর আলী, জাফর আহমেদ, কাজী জাকেরুল মওলা, মামুনুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।