
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৭ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার চারটি মাদরাসা ও এতিমখানার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি।
দুপুরে ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর ও ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের মাদরাসা ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। এর আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজের আগে প্রতিমন্ত্রী টুকু বলেন, ইসলামে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। নামাজ শেষে তিনি প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর সঙ্গে একই সারিতে বসে গরুর মাংস, ডাল ও দইসহ দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।