
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে ৮৭টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০টি স্কুল ব্যাগ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ১০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া।
ঢাকা বিভাগীয় কমিশনারের টাঙ্গাইল জেলা সফর উপলক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়ার সঞ্চালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখা ও রেকর্ডরুম এবং টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া।