
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
দেশের উদ্যোক্তা খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতায় স্বাবলম্বী করে তোলা।
৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১ হাজার ৫০ জন উদ্যোক্তাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে ১৬টি জেলায় ৪২টি ব্যাচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি ব্যাচে ২৫ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ নারী ও ২৫ শতাংশ পুরুষ উদ্যোক্তা রয়েছেন।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সফল অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়েলা ইয়াসমিন। এ সময় আবদুল্লাহ খান, ম্যানেজার (অ্যাডমিন), এমটিআই; মো. মেরাজ উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), বিসিক জেলা কার্যালয়, টাঙ্গাইল এবং উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতানা বিলকিস লতা উপস্থিত ছিলেন।