
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুর মেইন বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেইন বাজার চত্বরে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডের বটতলায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল, হারুন অর রশিদ,ইকরামুল হক, কামরুজ্জামান সিদ্দিক, মুকুল খান ও মিসেস জোসনাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।