
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা ও পলাশতলী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সংস্থাটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
কর্মসূচির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নালা ও নির্মাণাধীন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)-এর পরিচালক (কার্যক্রম) মো. শাহীনুর ইসলাম শাহীনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।