
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মান্নান (৬২)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন বাহির শিমুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যা ৭টা থেকে ১ জুলাই সকাল ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে নাগরপুর উপজেলার বিন্নাওঝা এলাকার একটি পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ পাটক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহত শওকত মোল্লা নাগরপুর উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে। পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. সোহেল রানা বাদী হয়ে নাগরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ১ জুলাই ২০২৬ তারিখে নাগরপুর থানায় মামলা নম্বর-০২ হিসেবে রুজু করা হয়। এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তে মো. আব্দুল মান্নানের সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তারে অধিযাচন পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মান্নানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।