
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আতিকুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে নাগরপুর উপজেলার জাংগালিয়া ভোর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতিকুর রহমান নাগরপুর থানার গুদামপাড়া এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, আতিকুর রহমানের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১(ক) উপধারায় নাগরপুর থানায় মামলা নম্বর ১৮(১২)১২ দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
সাজা পরোয়ানা জারির পর থেকে আতিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় এসআরবি।
পরবর্তীতে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।