
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনসেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্না বাশ হাসডাক, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখছেদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মো. হারুনুর অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরের কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে।
তিনি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভায় ঘাটাইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্থানীয় সমস্যা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকারি দপ্তরগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপণ
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু সাঈদ ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশু পার্কে আম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এ সময় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।