
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে একাধিক ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।
মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। পথে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।