
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক ও যৌথ অভিযানে মানব পাচার মামলার অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামি ও মানব পাচার মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৯ ধারায় দায়ের করা নাগরপুর থানার একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর থানার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের মো. আরফান মোল্লার ছেলে।
অন্যদিকে, ধনবাড়ী থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. অপূর্ব রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-১৪, টাঙ্গাইল ও এসআরবি-১, পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্পের যৌথ দল শনিবার রাত ১টা ১৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানার মির্জাপুর মনিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা অপহৃত ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ছাড়া নাগরপুর থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রঞ্জু খানকে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে নাগরপুরের সেলিমাবাদ রোডের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেলিমাবাদ মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বার খানের ছেলে।
এসআরবি জানায়, উদ্ধার করা ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।