
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লা হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, আইসিটি অফিসার আব্রারুল হক শিমুল প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পেশা হিসেবেও গড়ে উঠতে পারে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।