
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে এনে জাতীয় স্তরে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে এ বৃহৎ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ ফুটবল মাঠে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। একই সাথে সেখানে উপজেলা পর্যায়ের স্থানীয় প্রতিযোগিতারও আনুষ্ঠানিক সূচনা ঘটে।
১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত এই আয়োজনে দেশের ৬৪টি জেলায় মোট ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। ছেলে ও মেয়েদের জন্য পৃথক এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে। উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়— এই চার ধাপে পুরো প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। বিজয়ীদের জন্য সনদপত্র, মেডেল ও ট্রফির পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকারের সুযোগ রাখা হয়েছে।
বাসস সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার কিশোর-কিশোরী অনলাইনে নিবন্ধন করেছে। প্রথম আসরের আটটি ইভেন্টের সাথে এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় প্রতিযোগিতার পরিধি দাঁড়িয়েছে ১০টি ইভেন্টে।
ডিমলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। পরে ডিমলা সদর ইউনিয়ন একাদশ ও ঝুনাগাছ চাপানি একাদশের মধ্যকার ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠপর্যায়ের খেলা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এবং উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) সহকারী প্রোগ্রামার মোঃ শাহ্নুর আলম।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্যসচিব তারিকুল ইসলাম খান (সোহাগ)। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, খেলোয়াড় এবং অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বর্তমান সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ১০টি ইভেন্টে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান কিশোর-কিশোরীরা নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্ব শেখে এবং মাদকসহ যাবতীয় অসামাজিক কাজ থেকে দূরে রাখে।” সরকারের এই উদ্যোগকে সফল করতে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।