
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর গ্রামের আশিকুল ইসলাম (২৫), পিতা আব্দুর রহিম; একই গ্রামের নয়ন আলী (২৭), পিতা মনু মিয়া; ইন্তাজুল (৪৫), পিতা মৃত শমসের আলী এবং দুধসরা গ্রামের মো. শাহ পরান গাজী (৩২), পিতা মো. আরব আলী গাজী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে আশিকুল ইসলাম কোটচাঁদপুর পৌর শ্রমিক লীগের সদস্য, নয়ন আলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইন্তাজুল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শাহ পরান গাজী পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কোটচাঁদপুর থানার মামলা নম্বর ৫, তারিখ ১১ নভেম্বর ২০২৬, জিআর নম্বর ১৩৭/২৬-এর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় এবং অন্যদের বিরুদ্ধে মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।