
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
United in Humanity” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও র্যালিতে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলা রেড ক্রিসেন্টের উপদেষ্টা ও জেলা টিমের সদস্য মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিপন হোসেন।
উপজেলা টিম লিডার রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা টিম ও কলেজ রেড ক্রিসেন্টের অন্যান্য ভলেন্টিয়াররা।
বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ মোকাবিলা, রক্তদান, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন এবং পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।