
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্নক আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিয়েছে। ৩০ জুন (রবিবার) ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানানো হয়েছে।
সর্বাত্নক আন্দোলনের কর্মসূচির মধ্যে আছে-
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ক্লাশ বন্ধ থাকবে।
২। অনলাইন, সান্ধ্যকালীন ক্লাশ, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাশ বন্ধ থাকবে।
৩। সকল পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
৪। বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন। একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না।
৫। অনুষদের ডিনবৃন্দ ডিন অফিস, ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন। নবীন বরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহন করা যাবে না। কোন সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না।
৬। বিভিন্ন ইন্সস্টিটিউটের পরিচালকবৃন্দ ইন্সস্টিটিউটের অফিস, ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখবেন। সান্ধ্যকালীন, শুক্রবার ও শনিবারের ক্লাশ বন্ধ থাকবে।
৭। বিভিন্ন গবেষণাধর্মী সেন্টারের পরিচালকগণ কোন সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপের কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকবেন।
৮। বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ প্রাধ্যক্ষ অফিস বন্ধ রাখবেন।
৯। প্রধান গ্রন্থাগারিক কেন্দ্রীয় লাইব্রেরী বন্ধ রাখবেন।