
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে HEAT ATF Sub Project Proposal Writing (2nd Round) শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়। ২য় অ্যাক্যাডেমিক ভবন, লিয়াকত আলী অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এই কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন হতে প্রকল্প দাখিলে আগ্রহী সম্ভাব্য এসপিএম টিমের ৯০ জন শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকল্প রচনার গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আলোচনা করেন প্রফেসর ড. মো: রেজাউল করিম, মাননীয় উপাচার্য ও প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান, পরিচালক, আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয়। উপাচার্য মহোদয় বলেন, প্রপোজাল রাইটিং-এ সফল হতে হলে উদ্ভাবন, উচ্চশিক্ষার মান উন্নয়ন, ও প্রায়োগিক গবেষণার ওপর জোর দিতে হবে। তিনি শিক্ষকবৃন্দকে স্মরণ করিয়ে দেন যে, লেখার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্ট উইন্ডো অনুযায়ী প্রপোজাল তৈরি, বাস্তবসম্মত বাজেট, শক্তিশালী গবেষণা দল এবং সামাজিক বা শিল্পক্ষেত্রে প্রকল্পের প্রভাব পরিস্কারভাবে বলা বা বিবৃত করা। উল্লেখ্য, আলোচনার এক পর্যায়ে প্রথম রাউন্ডে প্রকল্পপ্রাপ্ত ০৯ জন শিক্ষক তাদের অভিজ্ঞতা তুলে ধরেন, যার মাধ্যমে প্রকল্প দাখিলে আগ্রহী শিক্ষকবৃন্দ এ সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে সমৃদ্ধ হন।
কর্মশালার শেষ পর্বে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রফেসর ড. মো: ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি।