
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে আগামী পহেলা জানুয়ারি-২০২৫ ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নামে চিঠি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গল ও বুধবার দুমকীর থানা ব্রীজ এলাকা ও পীরতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আসছে আগামী পহেলা জানুয়ারি ২০২৫ ইং রোজ বুধবার রাত ১২.০১ মিনিটে শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিভোজের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দুমকি উপজেলা শাখা।
সূত্র জানায়, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক ও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন টিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহরিয়ার শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন এই চিঠি বিতরণ ও চাদাঁ আদায়ের করছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।
পিরতলা বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, কিছু লোক বিএনপির নামে প্রতিটি বড় বড় দোকানে চিঠি দিয়ে চাঁদা আদায় করছে এটা কাম্য নয় এবং এতে বিএনপি দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য আমরা ৫ই আগস্ট দেশকে স্বৈরাচারমুক্ত করি নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক ও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন টিটু বলেন, আমরা সবাই মিলে এই প্রীতি ভোজের আয়োজন করেছি। তাতে কী হয়েছে?
শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, আমি এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি যারা এতে জড়িত তাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আহবান করছি।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, দুমকি উপজেলা বিএনপির নামে চিঠি দিয়ে চাঁদা আদায়ের ব্যাপারে আমি কিছুই জানিনা। যদি কেহ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু স্নেহাংশু সরকার কুট্টি বলেন, চাঁদাবাজির ব্যাপারে কোন ছাড় নয়, প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
