
উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং টেকাব প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর)সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, উজিরপুরের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের পূর্বে উপজেলা প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উজিরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের হলরুমে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এতে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনীতি ও উন্নয়নে অবদান রাখতে হবে। প্রশিক্ষণ ও ঋণ সুবিধাকে যথাযথভাবে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে টেকাব প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. সামসুদ্দোহা আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক এবং টেকাব প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।