
মানিক হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের উপাচার্য নিয়োগের দাবি জানান।
রবিবার (২২সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেয় তারা।
বিক্ষোভ মিছিলে তারা ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়’, ‘সবাই যখন সর্গে, ইবি কেনো মর্গে, ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটর কবর চাই’ সহ বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, কিন্তু এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই, মাঠে নয়। আমরা পড়ার টেবিলে বসতে চাই, মহাসড়কে নয়। অনতিবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান উপাচার্য চাই। কোন দুর্নীতিবাজ যেন ইবির উপাচার্য না হয়।
তারা আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন উপাচার্য চাই না যিনি পূর্বে দুর্নীতির সাথে যুক্ত ছিল। অতিতের সকল কর্মকাণ্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবে।