
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৭ নম্বর পিলারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পল্লবী থানার মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশন এর নিচে ১৭৭ নম্বর পিলারের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণ করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে আজ রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।