
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম আসমা বেগম (৪৫)। বজ্রপাতে গৃহবধূর সাথে তার গরুও মারা যায়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয়দের ও পরিবার সূত্রে জানা যায়, আসমা বেগম সকালে বৃষ্টি শুরু হলে ঘরে ভেতর ছিলেন। তখন বজ্রপাতসহ ভারী বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে পাশে গরুর ঘরে থাকা গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। আসমা বেগম গরুটিকে দেখতে যান। ঐ সময় আবার বজ্রপাত হলে, বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই গৃহবধূ আসমা বেগম ও গরুটি মারা যায়।
নামাশুলাই ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোবাখ্খর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নূর মোহাম্মদের স্ত্রী আসমা বেগম বজ্রপাতে মারা গেছেন। এ সময় বজ্রপাতের আঘাতে তার গরুটিও মারা যায়।এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।