
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, (গাজীপুর) থেকে :
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ,আহত ১ ।
সোমবার ভোরে উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: শাহদাত হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার ভাউমান টালাবহ গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা তিনজনই ছিলেন ইট ভাটার শ্রমিক।
ট্রাক চাপায় আহত আব্বাস আলী ও রমজানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালেই মৃত ইন্তাজ আলীর ছেলে আব্বাস আলী (৫৮) মারা যায়। আহত রমজানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, কয়েকজন ইট ভাটার শ্রমিক ভোরে বোর্ডঘর এলাকা থেকে অটোরিকশায় করে কাজে বের হন। তাদের অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেইন দিয়ে উল্টোপথে আসছিল। আর চন্দ্রা দিকে থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি মূল মহাসড়ক ব্যবহার না করে সার্ভিস সড়ক দিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিল। সূত্রাপুর এলাকায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতের পরিবারের আবেদন এর পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: শাহদাত হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছেন। তবে চালক পালিয়ে গেছেন।