
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর ইলেকট্রনিক্স সামগ্রীর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪৮)।
রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেলের আটি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী রফিকুল অভিযোগ করেন, আটি বাজার বাদশারমোড়ে তাঁর ন্যাশনাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নামের ব্যবসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের হয়রানির শিকার।
রফিকুলের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরদিন জামিনে ছাড়া পাওয়ার পর প্রতিপক্ষ তাজিম উদ্দিনসহ কয়েকজন গুদামে তালা ঝুলিয়ে দেয়। পরে গভীর রাতে গুদামে ঢুকে প্রায় ৯০ লাখ টাকার এলইডি টিভি, ব্লেন্ডার, বৈদ্যুতিক চুলাসহ ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে ও গুদাম ও পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি। অথচ তিনি নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ী। ন্যায়বিচারের জন্য স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাজিম উদ্দিন বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানের জমিটি আমার। তিনবার সালিশে আমার পক্ষে রায় এসেছে। রফিকুল ভাড়া না দিয়ে জোর করে ব্যবসা চালাচ্ছেন। গুদামে লুট ও অগ্নিসংযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: কেরানীগঞ্জের আটিবাজারের বাদশার মোড় এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল।