
মো নাজিউল্লাহ ভুইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জের জিনজিরা চর রহমতপুর এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও থানায় স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জিনজিরা বাসরোড ঘুরে কেরানীগঞ্জ মডেল থানায় যান এবং ওসির কাছে স্মারকলিপি জমা দেন।
মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার।তিনি বলেন, “মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করছে, তাই এলাকাবাসী একজোট হয়েছে। আমাদের দাবি একটাই মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালীই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
মাদক বিরোধী মিছিলে রহমতপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবলু
জানান, “প্রকাশ্যে মাদক বিক্রির কারণে অপরাধ বেড়েছে। মাদক প্রতিরোধের জন্য পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় শিক্ষিকা মাকসুদা বেগম জানান , “মাদক এখন সহজলভ্য হয়ে পড়ায় কিশোর-তরুণরা দিন দিন এতে আসক্ত হয়ে পড়ছে। ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। আমরা এলাকাবাসী মাদকমুক্ত সমাজ চাই। এজন্য প্রশাসনের কঠোর অবস্থান জরুরি। ”
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমানুল হক ডাবলু বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ বিষয়ে কোনো ধরনের আপোষের সুযোগ নেই।আমি দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয়রা এখন সাহস করে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। মাদকের সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা কেরানীগঞ্জকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।”