
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে এক সৌদি প্রবাসীর ডুপ্লেক্স বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তারানগর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মূল্যবান ক্যামেরা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন। তিনি জানান, ছয় থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রাতের অন্ধকারে বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং দেয়াল বেয়ে ছাদে উঠে। পরে ছাদের গেট ভেঙে ঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। আলমারির চাবি ছিনিয়ে নিয়ে তারা ঘরে থাকা সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, প্রায় সাত লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুট করে নেয়।
ডাকাতির সময় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে ছিল। তবে সৌভাগ্যক্রমে কেউ শারীরিকভাবে আহত হননি। মানসিকভাবে তাঁরা এখনও বিপর্যস্ত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম এবং কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমানুল হক ডাবলু।
ওসি আরমানুল হক ডাবলু বলেন, “ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সম্ভাব্য সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সম্প্রতি এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে। তারা রাত্রীকালীন টহল জোরদার এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহ ঘটনা আর না ঘটে।