
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে গাছ থেকে নালসোর (লাল পিঁপড়া) ডিম পাড়তে গিয়ে নিচে পড়ে তপন কুমার মল্লিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।তপন কুমার মল্লিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের মেম্বার ইলিয়াছ সবুজ। নিহত তপন কুমার মল্লিক ওই গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে।এলাকাবাসী জানায়, উপজেলার সরাপপুর গ্রামের ভ্যানচালক তপন কুমার মল্লিক সকালে গাছ থেকে মাছ ধরার টোপ নালসোর (লাল পিঁপড়া) ডিম সংগ্রহ করতে বাড়ির পাশের একটি বাগানের মেহগনি গাছে ওঠেন। গাছ থেকে নালসো পিঁপড়ার ডিম পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর খবরে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করে। তপন কুমার মল্লিক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি বিকেলে এলাকার বিভিন্ন বিল ও খালে বড়শিতে মাছ শিকার করতেন।