
খুলনা জেলা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকা থেকে সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গুলফার নাহার সেতারা ওই এলাকার শহিদুল্লাহ শেখের স্ত্রী। শহিদুল্লাহ শেখ সচিবালয়ে চাকরি করতেন এবং তিনি ৩-৪ মাস আগে মারা যান। তাদের একমাত্র ছেলে রায়হান শেখ ঢাকায় ইনকাম ট্যাক্স বিভাগে চাকরি করেন, ফলে বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন।
শুক্রবার সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখে সন্দেহ করেন এবং ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে পিছনের গেট খোলা অবস্থায় পান। পরে এলাকাবাসীসহ ঘরে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় গুলফার নাহারকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হতে পারে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে।