
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার কয়েকটি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
৩০ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টায় জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় ঈদের নামাজ আদায় করেন। এ ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।
সকাল থেকেই সদর উপজেলা, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে তারা স্থানীয় একটি প্রতিষ্ঠানের ছাদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পাশে নারীদের জন্যেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে ১০-১২ জন নারী ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ ৩০-৪০ জন মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
নামাজে আসা তালুকঘোড়াবান্ধা গ্রামের মুসল্লিরা জানান,সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমাদের গ্রামের ৮-১০টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি। তারা আরো বলেন, দীর্ঘ ১০ বছর ধরে আমাদের গ্রামে আমি ও আমার পরিবার মিলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করি।
এদিকে, একদিন আগে ঈদ উদযাপনে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে।